আন্তর্জাতিক ডেস্ক:
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাত আরও তীব্রতর হয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন সামরিক অবস্থান ও বসতি লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়েছে। সোমবার (১৩ এপ্রিল) প্রকাশিত বিভিন্ন সংবাদে এই সংঘাতের চিত্র উঠে আসে।
হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের মিসগাভ আম বসতি এবং কফর গিলাদি এলাকায় অবস্থানরত সেনাদের লক্ষ্য করে বড় ধরনের আক্রমণ চালিয়েছে। এছাড়া জারিত ব্যারাকেও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও রকেট আঘাত হেনেছে। অব্যাহত এই হামলায় সংশ্লিষ্ট এলাকাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় ইতোমধ্যে ওইসব অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে এসব হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
হিজবুল্লাহর হামলার জবাবে দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ আল-ফাওকা শহরকে লক্ষ্যবস্তু করেছে। এর আগে আল-আব্বাসিয়েহ শহর এবং বিনতে জবেইল এলাকাতেও ইসরায়েলি বাহিনী ব্যাপক বোমাবর্ষণ করেছে বলে খবর পাওয়া গেছে।
সীমান্তবর্তী এই সংঘাতকে কেন্দ্র করে ওই অঞ্চলে বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষই তাদের সামরিক শক্তি প্রদর্শন অব্যাহত রেখেছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।
Reporter Name 