আন্তর্জাতিক ডেস্ক:
চন্দ্রাভিযান সফলভাবে সম্পন্ন করে প্রশান্ত মহাসাগরে অবতরণ করায় আর্টেমিস-২ মিশনের নভোচারীদের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এক অভিনন্দন বার্তায় এই ঐতিহাসিক সাফল্যের জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি পরবর্তী লক্ষ্য হিসেবে মঙ্গল গ্রহে মানব অভিযানের ঘোষণা দেন।
প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে আর্টেমিস-২ মিশনের ক্রু সদস্যদের অসাধারণ মেধা ও সাহসিকতার প্রশংসা করেন। পুরো অভিযানটি অত্যন্ত চমৎকারভাবে সম্পন্ন হয়েছে এবং এর অবতরণও ছিল নিখুঁত। এই অর্জনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিনি অত্যন্ত গর্বিত বলে উল্লেখ করেন।
নভোচারীদের খুব শিগগিরই হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানোর আগ্রহ প্রকাশ করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র মহাকাশ গবেষণায় তার আধিপত্য বজায় রাখবে। চাঁদে সফল অভিযানের পর এখন তাদের মূল গন্তব্য হবে লাল গ্রহ মঙ্গল। এ ধরনের উচ্চাভিলাষী অভিযান ভবিষ্যতে আরও জোরালোভাবে পরিচালনার প্রতিশ্রুতিও দেন তিনি।
এর আগে আর্টেমিস-২ মিশনের মহাকাশযানটি নির্ধারিত সময় শেষে সফলভাবে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে, যা আধুনিক মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
Reporter Name 