নিজস্ব প্রতিবেদক | টাঙ্গাইল
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রাবনা এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) ভোর সোয়া ৫টার দিকে রাবনা ফ্লাইওভারের ওপরে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরবেলা যমুনা সেতুগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপরে একটি পিকআপ ভ্যানকে ওভারটেক (অতিক্রম) করতে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও পিকআপের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আরও দুইজন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাইওয়ে পুলিশ। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি মো. শরিফ আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Reporter Name 