নিজস্ব প্রতিবেদক | ঠাকুরগাঁও
জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে যারা অনৈতিক ব্যবসা ও কালোবাজারিতে লিপ্ত হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের ও জাতির ক্ষতি করে এমন কোনো অপতৎপরতা সহ্য করা হবে না।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপট টেনে মির্জা ফখরুল বলেন, ইরান, আমেরিকা ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধাবস্থা সমগ্র বিশ্বের মতো বাংলাদেশেও প্রভাব ফেলেছে। তবে দেশে বর্তমানে যে তেলের সংকট দেখা যাচ্ছে, তা মূলত সরবরাহের অভাব নয় বরং এক শ্রেণির অসাধু চক্রের কারসাজি। পাম্প থেকে তেল সংগ্রহ করে কালোবাজারে বিক্রির মাধ্যমে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসনকে কঠোর নজরদারি এবং দুর্নীতির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
দেশের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। মানুষের ভাগ্য বদলাতে নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। বিশেষ করে কৃষিখাতের উন্নয়নে খাল খনন কর্মসূচি চলমান রয়েছে, যাতে কৃষকরা সেচ সুবিধা পায় এবং ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা যায়।
অনুষ্ঠানে সাম্প্রতিক ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৭১০টি পরিবারের মাঝে এক বান করে ঢেউটিন এবং নগদ ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে ২৯৪টি প্রকল্পের অনুকূলে মোট ১৪ কোটি ৭০ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
Reporter Name 