নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর শাহবাগ থানার ভেতরে ডাকসু নেতাদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা এবং পাবনা ও কুমিল্লায় ইসলামী ছাত্রশিবিরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ থানার ভেতরে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী, সমাজসেবা সম্পাদক এবি যুবায়ের এবং নারী নেত্রী জুমার ওপর ছাত্রদলের নেতাকর্মীদের বর্বরোচিত হামলা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের ওপর এমন ন্যক্কারজনক হামলা গণতান্ত্রিক সমাজে মেনে নেওয়া যায় না। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শাস্তির দাবি করেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ একটি ভুয়া আইডির গুজবকে কেন্দ্র করে নিরাপত্তার জন্য থানায় জিডি করতে গেলে তাঁকে আটকে রাখা হয়। বিষয়টি সমাধানের জন্য ডাকসু নেতারা থানায় উপস্থিত হলে পুলিশের সামনেই ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এই সময় পুলিশের নিষ্ক্রিয় ও রহস্যজনক ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জামায়াত নেতা বলেন, নাগরিকদের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে পুলিশের এমন আচরণ অতীতের ফ্যাসিবাদী শাসনের কথা স্মরণ করিয়ে দেয়।
শাহবাগের ঘটনার পাশাপাশি পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রশিবিরের শান্তিপূর্ণ মিছিলে এবং কুমিল্লার পলিটেকনিক ইনস্টিটিউটে সংগঠনের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার কড়া সমালোচনা করা হয় বিবৃতিতে। এসব হামলায় অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন দাবি করে তিনি বলেন, পরিকল্পিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, শিক্ষাঙ্গনে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান এবং শিক্ষার পরিবেশ বজায় রাখা জরুরি। ছাত্রদল রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে সহিংসতাকে উসকে দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। ছাত্রদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে প্রশাসন ও সচেতন ছাত্রসমাজকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে শাহবাগ থানায় হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সব পক্ষকে সংযত ও দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানানো হয়।
Reporter Name 