নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বাংলাদেশে সম্ভাব্য রাজনৈতিক সংঘাত এড়াতে এবং স্থিতিশীলতা বজায় রাখতে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিকে দ্রুত অভ্যন্তরীণ সংস্কারের উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক নীতি-গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি)। একইসঙ্গে বর্তমান সরকারকে অর্থনীতি ও নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আইসিজির ওয়েবসাইটে প্রকাশিত বাংলাদেশের নতুন সরকার কাজে নেমে পড়েছে’ শীর্ষক একটি বিশেষ প্রতিবেদনে এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়।
আইসিজি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় বিএনপির উচিত হবে অন্যান্য বিরোধী দলগুলোর সঙ্গে গঠনমূলক আলোচনা করা এবং দলীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া। বিশেষ করে জুলাই সনদের নয়টি গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে বিএনপির যে দ্বিমত রয়েছে, তা ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক আন্দোলনের ইস্যু হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই মতপার্থক্য নিরসনে আলোচনার ওপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান সরকারের প্রতি জনসমর্থন থাকলেও দেশের সামগ্রিক স্থিতিশীলতা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। বিশেষ করে ভঙ্গুর অর্থনীতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে এখনই দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। সংস্কার কাজে যথাযথভাবে সফল হতে না পারলে বাংলাদেশ আবারও গভীর রাজনৈতিক সংকটের মুখে পড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আইসিজি।
আইসিজির প্রতিবেদনে একটি গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রসঙ্গে। সংস্থাটি বলছে, পর্যাপ্ত ও সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া যেসব মামলা দায়ের করা হয়েছে, ন্যায়বিচারের স্বার্থে সেগুলো প্রত্যাহার করা প্রয়োজন।
প্রতিবেদনটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেতৃত্ব এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রতিবেশী দেশ ভারতের ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে।
পরিশেষে সংস্থাটি মনে করে, বাংলাদেশে টেকসই গণতন্ত্র ফেরাতে এবং বড় ধরনের সংঘাত এড়াতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা ও দ্রুত রাষ্ট্রীয় সংস্কারের কোনো বিকল্প নেই।
Reporter Name 