নিজস্ব প্রতিবেদক | ঢাকা
আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এই শুভকামনা জানান।
ডা. শফিকুর রহমান পরীক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, জীবনের এই প্রথম অতি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় যেন সবাই কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারে। শিক্ষার্থীদের সুস্বাস্থ্য কামনা করে তিনি আশা প্রকাশ করেন যে, আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর হবে এই তরুণরাই। পূর্ণ যোগ্যতার সাথে দেশ গড়ার তৌফিক কামনার পাশাপাশি পরীক্ষায় সুস্থভাবে অংশগ্রহণের জন্য তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

সারাদেশে আগামীকাল থেকে একযোগে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং চলবে আগামী ২০ মে পর্যন্ত।
সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। তাত্ত্বিক পরীক্ষা শেষে আগামী ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষাগুলো গ্রহণ করা হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ও আনুষঙ্গিক ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Reporter Name 