ক্রীড়া প্রতিবেদক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামী জুন মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সম্পন্ন করার পরিকল্পনা করছে বর্তমান অ্যাডহক কমিটি। সোমবার বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালীন প্রেসবক্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি তামিম ইকবাল এই তথ্য নিশ্চিত করেন।
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে যাওয়ার পর বর্তমানে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি বিসিবির দায়িত্ব পালন করছে। এই কমিটির প্রধান লক্ষ্য ৯০ দিনের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা। বিধি অনুযায়ী আগামী ২১ জুলাইয়ের মধ্যে নির্বাচন করার সময়সীমা থাকলেও তামিম ইকবাল জানান, তারা শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে চান না। সবকিছু ঠিক থাকলে জুনের প্রথম সপ্তাহে, অন্যথায় দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
নির্বাচনী আলোচনার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের সংস্কৃতিতে একটি পুরনো প্রথা ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন বিসিবি সভাপতি। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকেই বাউন্ডারির চারপাশে বল বয় হিসেবে তরুণ ক্রিকেটারদের রাখার পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে বিশ্বের অন্যান্য দেশে এই নিয়ম চালু থাকলেও বাংলাদেশে তা বন্ধ হয়ে গিয়েছিল।
মাঠে বল বয় ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে তামিম ইকবাল নিজের শৈশবের অভিজ্ঞতার কথা স্মরণ করেন। তিনি জানান, খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আগে তিনিও বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচে বল বয় হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে ১৯৯৮ সালে চট্টগ্রামে এমসিসি-র সফরের সময় তিনি মাঠে বল কুড়ানোর কাজ করেছিলেন। তার মতে, তরুণ ক্রিকেটারদের জন্য এটি বড় তারকাদের কাছ থেকে দেখার এবং মাঠের পরিবেশ বোঝার দারুণ একটি সুযোগ।
Reporter Name 