নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ থেকে এই বছরের প্রথম হজ ফ্লাইট নির্বিঘ্নে সৌদি আরবে পৌঁছেছে। ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম। এ সময় আগত হজযাত্রীদের ফুল ও রিফ্রেশমেন্ট কিট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের হেড অব অপারেশন ইহাহিয়া রাদি এবং হাজিদের অভ্যর্থনায় নিয়োজিত সৌদি বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ প্রতিনিধিরা।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইট-২০২৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের পর হজযাত্রীদের বিদায় জানানো হয় এবং মধ্যরাতের এই বিশেষ ফ্লাইটের মাধ্যমে এ বছরের আনুষ্ঠানিক হজ যাত্রা শুরু হয়।
Reporter Name 