নিজস্ব প্রতিবেদক:
ঢাকার কেরানীগঞ্জে একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
শনিবার (০৪ এপ্রিল) দুপুর ১টা ১১ মিনিটে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর সংলগ্ন একটি টিনশেড গ্যাস লাইটার কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দিলে দুপুর ১টা ১৬ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
আগুনের ভয়াবহতা বিবেচনায় ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট পর্যায়ক্রমে উদ্ধার কাজে অংশ নেয়। দীর্ঘ ১ ঘণ্টা ২০ মিনিটের নিরলস প্রচেষ্টার পর বিকেল ২টা ৩০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার কর্মীরা। নিয়ন্ত্রণে আসার পর কারখানার ভেতর থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। অগ্নিকাণ্ডের সময় কারখানার ভেতরে কতজন শ্রমিক কর্মরত ছিলেন, তা খতিয়ে দেখছে প্রশাসন। তবে বিস্ফোরণ ও আগুনের তীব্রতায় টিনশেড কারখানাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ কত, সে সম্পর্কে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাৎক্ষণিক কিছু জানানো হয়নি। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকর্মীরা অবস্থান করছেন।
Reporter Name 